|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ পিএম
২৩৯ পঠিত
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম নগরে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও বাজার শ্রমিকদলের সহসভাপতি। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাস...

চট্টগ্রাম নগরে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও বাজার শ্রমিকদলের সহসভাপতি। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাজারের এক কর্মচারীকে থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে জাকির হোসেন সেখানে গিয়েছিলেন। পরে থানা থেকে ফিরে দোকান বন্ধ করে প্রতিদিনের বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। তিনপুলের মাথা এলাকায় পৌঁছালে কয়েকজন তার পথ আটকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় তাকে। একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, জাকিরকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা দাবি করছে। এর প্রতিবাদ করায় জাকিরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কালাম চৌধুরী বলেন, ‘এখানে একটি চক্র ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা দাবি করে। জাকির এসবের প্রতিবাদ করতেন। তিনি সাদাসিধে ও প্রতিবাদী মানুষ ছিলেন। নিজের রাজনৈতিক পরিচয়ও কখনো জাহির করতেন না। আমাদের ধারণা, আগে থেকেই পরিকল্পনা করে তার ওপর হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।’

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে চমেক হাসপাতালে জড়ো হন বাজারের ব্যবসায়ীরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। 

রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, জাকির একজন সৎ ও সহজ-সরল মানুষ। তার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ঘটনায় ১ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। স্মারকলিপিতে জসিমউদ্দিন ওরফে আরমান (৪৫), সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪০), দিদারুল আলম ওরফে কালু দিদার (৫৫) ও আবু সালেহ আবিদ (৩৫) নামে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।

সমিতির সভাপতি মোহাম্মদ আলী আব্বাস খান বলেন, ‘এখানে কিছু ওয়ানটাইম ব্যবসায়ী চক্র রয়েছে। তারা চাঁদাবাজির মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করছে। জাকির এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ কারণেই তার ওপর হামলা হয়েছে বলে আমাদের ধারণা। হামলার সময় তার সঙ্গে থাকা ছয় লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘তারা মামলা করতে এখনো থানায় আসেননি। তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে জানা গেছে। সে কারণেই হামলা হয়েছে কি না, তা তদন্ত করলে জানা যাবে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স