|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:২১ পিএম
৩১৭ পঠিত
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

চীনের অতি গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন শেনলং বা ডিভাইন ড্রাগন পৃথিবীর নিম্ন কক্ষপথে গোপনে বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকটি মিশন পরিচালনার পাশাপাশি মহাকাশে কয়েক শ দিন অবস্থানও করেছে চীনের রহস্যময় স্পেসপ্লেনটি। তবে চীন এখন পর্যন্ত মহাকাশযানটির কোনো ছবি বা তথ্য প্রকাশ না করায় বিভিন্ন দেশের সরকার ও মহাকাশ সংস্থার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেসপ্লেনটি। অবশেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) প্রথমবারের মতো চীনের এই অতি গোপনীয় স্পেসপ্লেনের স্পষ্ট ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে চীনের মহাকাশযানটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্যমতে, ২০২৪ সালে কক্ষপথে অবস্থানের সময় চীনের স্পেসপ্লেনটির উচ্চ রেজোল্যুশনের ছবি তুলেছিল বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ভ্যান্টর (সাবেক ম্যাক্সার টেকনোলজিস)। চীনের এই স্পেসপ্লেন কক্ষপথে কোনো বস্তু স্থাপন করার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা শেষে পৃথিবীতে ফিরে আসতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভ্যান্টর জানিয়েছে, স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং ছবিতে এটির পেলোড বের দরজা আংশিকভাবে খোলা রয়েছে। এ ছাড়া এর পেছনের অংশে একটি স্যাটেলাইট বা সার্ভিস মডিউল ডক করা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের স্পেসপ্লেনের নকশা যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক্স–৩৭বি রোবোটিক স্পেসপ্লেনের সঙ্গে হুবহু মিলে যায়। ডারহাম ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞ অধ্যাপক জোনাথন ম্যাকডোয়েল জানান, চীনের স্পেসপ্লেনটি যুক্তরাষ্ট্রের এক্স–৩৭বির মতোই তৈরি।

রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে, চীনের এই স্পেসপ্লেন অতীতে বেশ কিছু অজ্ঞাত পেলোড বা কিউবস্যাট মহাকাশে ছেড়েছে। এ ছাড়া এটি একটি স্যাটেলাইট কক্ষপথে ছেড়ে দিয়ে কয়েক মাস পর তা সংগ্রহের ক্ষমতাও প্রদর্শন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, চীনের এই দ্রুত বর্ধমান মহাকাশ কর্মসূচি সামরিক আধিপত্য বিস্তারের একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে কাজ করছে।

সূত্র: ডেইলি মেইল

সূত্র: প্রথম আলো