|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০১:২৪ পিএম
৪৪৭ পঠিত
পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের পাশে সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে।

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশু–কিশোরসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের পাশে সোনাপাতিল বিলের রাস্তায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ছয়জন হলেন, জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), একই গ্রামের শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ (১৮) ও ইবাদুল ইসলামের ছেলে ইমন ইসলাম (১৪)।

আহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ইউনিয়নের গজমতিকুণ্ডা গ্রামের আতাপ আলীর ছেলে রিপন আলী (৩২)। হতাহত সবাই কৃষক পরিবারের সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। রাত সাড়ে আটটার দিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে সোনাপাতিল বিলে আটজন একসঙ্গে বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে সবাই বিলের সড়ক ধরে বাড়ি ফিরে আসছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত হন দুজন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। আমরা খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করছি। ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সূত্র: প্রথম আলো