|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথনের জার্সি-মেডেল উন্মোচন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ পিএম
২২৪ পঠিত
ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথনের জার্সি-মেডেল উন্মোচন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর প্রচার এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আয়োজিত হতে যাচ্ছে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে অনুষ্ঠেয় এই ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ও...

ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর প্রচার এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আয়োজিত হতে যাচ্ছে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে অনুষ্ঠেয় এই ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি ও মেডেল উন্মোচন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

অনুষ্ঠানে বিভিন্ন রানার্স কমিউনিটির সদস্য, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। পরে ম্যারাথন নিয়ে নির্মিত একটি প্রচারমূলক ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ম্যারাথনের রেস ডিরেক্টর ও পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

এ সময় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ নিয়ে নির্মিত প্রচারমূলক ভিডিও এবং অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রম নিয়ে নির্মিত ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। গানটির কথা লিখেছেন অধিদপ্তরের মহাপরিচালক এবং সুর করেছেন জায়েদ খলিল।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, ম্যারাথন আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে হটলাইন নম্বরটির প্রচার এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে রানার্স কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ‘রান এন্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২' স্লোগানে আয়োজিত এই ম্যারাথনের মূল লক্ষ্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে মানুষকে সচেতন করা।

আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে চারটি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো—২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার।

সূত্র: কালবেলা