|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ পিএম
২৪৯ পঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রমে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিট-১’র বিদ্যুৎ উৎপাদন শুরুর তৃতীয় পর্যায়ের (পাওয়ার স্টার্ট-আপ স্টেজ-সি) কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রমে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিট-১’র বিদ্যুৎ উৎপাদন শুরুর তৃতীয় পর্যায়ের (পাওয়ার স্টার্ট-আপ স্টেজ-সি) কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংস্থাটির চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (এনপিসিবিএল) এ অনুমোদন দেন। শুক্রবার (৩০ অক্টোবর) এক বার্তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, অনুমোদনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রটির কমিশনিং বা চালুকরণ প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টেজ-সি হলো প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পর্যায়ে পারমাণবিক চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যক্ষমতা এবং সমন্বিত পরিচালনার সক্ষমতা পরীক্ষা করা হবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক চুল্লি, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, পরিমাপ ও নিয়ন্ত্রণব্যবস্থা, চুল্লি সুরক্ষা এবং নিরাপত্তাব্যবস্থা। চুল্লির ক্ষমতা পর্যায়ক্রমে বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থার কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হবে। এই পর্যায়ের অন্যতম প্রধান লক্ষ্য হলো নির্ধারিত পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করার পর প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। তবে এ প্রক্রিয়া সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার শর্ত, কমিশনিংয়ের প্রয়োজনীয় পরীক্ষা এবং চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে সম্পন্ন হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর তৃতীয় পর্যায়ের কার্যক্রমের অনুমোদন ও সূচনা দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো প্রক্রিয়ায় পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: কালবেলা