গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০২:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ পিএম

‘আওয়ামী লীগ করায়’ গাছে বেঁধে মারধর দাবিতে ভারতের পুরনো ভিডিও প্রচার

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
‘আওয়ামী লীগ করায়’ গাছে বেঁধে মারধর দাবিতে ভারতের পুরনো ভিডিও প্রচার

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের রাজনীতি করার কারণে গাছে বেঁধে মারধর করার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ডিসেম্বর মাসে ভারতের বিহারে এক মৌলভিকে এক নারীর সঙ্গে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগে এলাকাবাসী গাছে বেঁধে মারধর করেছিল। সেই ঘটনার ভিডিও এটি।

বিস্তারিত

অনুসন্ধানে সাগর রাজপুত নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত বছরের ১২ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। তবে, পোস্টটির ক্যাপশনে ঘটনা সম্পর্কে কিছু বলা নেই। 

পরবর্তীতে আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এনবিপি লাইভের ওয়েবসাইটে গত বছরের ৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে থাকা ছবিগুলোর সঙ্গেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর ভারতের বিহারের বালুয়া বাজার থানা এলাকায় এক মৌলভিকে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে এলাকাবাসী গাছে বেঁধে মারধর করেছিল।

একই ঘটনা নিয়ে তখন সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় একাধিক গণমাধ্যম (১, ২, ৩)।

অতএব, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে গাছে বেঁধে মারধরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরই নয়; বরং ভারতের বিহারের এবং পুরনো।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।