গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ এএম

এআইয়ে বিনিয়োগ বাড়ালেও ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

জাতীয়
Test User
এআইয়ে বিনিয়োগ বাড়ালেও ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তথ্যকেন্দ্র, চিপ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে মাইক্রোসফট। এআই খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও একসঙ্গে প্রায় ৬০ হাজার কর্মী কমানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ভারতের নির্দিষ্ট পদে কর্মরত কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

গত জুনের তথ্যমতে, বিশ্বজুড়ে মাইক্রোসফটের পূর্ণকালীন কর্মী রয়েছে প্রায় ২ লাখ ২৩ হাজার। সে হিসাবে, প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় এক–চতুর্থাংশ এ কর্মসূচির আওতায় আসতে পারেন। মাইক্রোসফটে কর্মরত ৭০তম বা তার নিচের স্তরের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাবে রাজি হলে কর্মীরা তিন মাসের অগ্রিম বেতনের পাশাপাশি চাকরির মেয়াদ অনুযায়ী প্রতিবছরের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান গত সোমবার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেন, ‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার এ প্রস্তাব পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে কর্মীদের আরও নমনীয়তা দেওয়ার পাশাপাশি সম্ভব হলে তাঁদের কর্মজীবনের পরবর্তী অধ্যায় নিজেদের বেছে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।’

এআইয়ে বিনিয়োগ বাড়ালেও কর্মী কমানোর কারণ কী

এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মাইক্রোসফটের বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত আয় আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। আর তাই এআইয়ের দ্রুত বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে ব্যয় কমানো ও কর্মী কাঠামো পুনর্বিন্যাসের চেষ্টা করছে মাইক্রোসফট। তবে এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়ায় প্রতিষ্ঠানটি কর্মীসংখ্যা কমাচ্ছে, নাকি এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে এ উদ্যোগ নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। প্রস্তাব পাওয়া ৩০ শতাংশের বেশি কর্মী সুযোগটি গ্রহণ করেছেন। মাইক্রোসফট জানিয়েছে, আগের স্বেচ্ছা অবসর কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

গত জুলাইয়ে মাইক্রোসফট প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছিল। প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীসংখ্যার হিসাবে এ সংখ্যা প্রায় ২ দশমিক ১ শতাংশ। একই সময়ে এক্সবক্সের গেমিং ব্যবসা পুনর্গঠন এবং পাঁচটি গেম স্টুডিও বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে বিশ্বের অন্যান্য বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানও। ২০২৬ সালে এ খাতে এসব প্রতিষ্ঠানের সম্মিলিত ব্যয় ৬৫ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। বিশ্বের অধিকাংশ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়ে এ অর্থের পরিমাণ বেশি। বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, এআই থেকে আয় প্রত্যাশা অনুযায়ী না বাড়লে ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামোয় ৩ লাখ ৫০ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের মূল্য কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।