তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। স্থানীয় সময় বুধবারের (২৮ অক্টোবর) এ ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, হরমুজ প্রণালি ও ইয়েমেন পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু উঠে আসে।
তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, আলোচনায় এরদোয়ান বলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতির ওপর নজর রাখছে তুরস্ক। এসব সংকটের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টাকেও সমর্থন করছে দেশটি।
এরদোয়ান বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় নতুন গতি আনতে কাজ চালিয়ে যাবে আঙ্কারা। আগামী বছর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ১০০ বছর পূর্তি উদ্যাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ফোনালাপে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। এরদোয়ান জানান, কিয়েভ ও মস্কোর মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা এবং আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত তুরস্ক।
এদিকে, তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোয়ান ও দেশটির জনগণকে অভিনন্দন জানান ট্রাম্প। ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণার স্মরণে দিনটি উদ্যাপন করা হয়। পাশাপাশি অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের আসন্ন শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরের মুখে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। অন্যদিকে, ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনের পরিস্থিতিও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: কালবেলা