গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১২:২৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:২৩ পিএম

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি দাবি মিয়া গোলাম পরওয়ারের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি দাবি মিয়া গোলাম পরওয়ারের

বিমানবাহিনী সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে আমি নিহত তাহসিফ সাউরির রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি জানান, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, ‘যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর মতো একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধীদলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

বিবৃতিতে তিনি বলেন, ‘একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কী না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনিব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।’

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।