শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নড়াইল ও এনা এক্সপ্রেসের দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত সাত যাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কালু বেপারি কান্দি এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস কালু বেপারি কান্দি এলাকায় যাত্রী ওঠানোর জন্য সড়কে থামে। এসময় পেছন থেকে আসা পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও সাত যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালু বেপারি কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ দিতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নিতে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা