সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সাংবাদিকসহ রোগীর স্বজন এক নারী ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির।
আহত সাংবাদিকরা হলেন, দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেট ভিউয়ের প্রতিবেদক নিবেন্দু তালুকদার।
সরেজমিনে দেখা যায়, ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে দিলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা না পেয়ে রোগী ও তাদের স্বজনরা দুর্ভোগে পড়েন। পরিস্থিতির কারণে অনেক স্বজন তাদের রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন। এ ছাড়া চিকিৎসাসেবা বন্ধ থাকায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসুস্থ রোগীদের চিকিৎসা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন স্বজনরা।
মৌলভীবাজারের শমশেরনগর থেকে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে কোনো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। চোখের সামনে রোগী ছটফট করছেন। বাধ্য হয়ে অন্য হাসপাতালে চলে যাচ্ছি।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে আসা আরেক রোগীর স্বজন জানান, সংঘর্ষের সময় তাদের ওপর হামলা চালানো হলে এক নারী আহত হন। এর মধ্যে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আহত সাংবাদিক রেজা রুবেল বলেন, রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ঝামেলা শুরু হলে আমরা ভিডিও করতে যাই। তখন চিকিৎসকরা আমাদের মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা বর্তমানে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে আছি। আমাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মঈনুল জাকির কালবেলাকে বলেন, ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেওয়া হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স