গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৪৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪০ এএম

বিয়ের ১৫ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসীর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিয়ের ১৫ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসীর

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন আগে বিয়ে করা তানভীরের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন তানভীর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তানভীরের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে তার বিয়ে হয়েছিল। নতুন সংসার শুরুর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।