গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০২:০৬ পিএম

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘরে আগুন দিয়েছেন ছেলে নাজমুল হাসান (২৮)। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বৈহাকৈইর সকালিয়াভিটা কবরস্থান–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে বসতঘরের কয়েকটি কক্ষের আসবাব পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর থেকে নাজমুল পলাতক। তাঁর বাবা আয়েত আলী বলেন, মাদকের টাকা না পেয়ে নাজমুল বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বসতঘরে কয়েকটি কক্ষের আসবাব ও সেখানে রাখা প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি কাঠের ঘর ও একটি রান্নাঘরের আসবাব পুড়ে গেছে। এতে দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ বারিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে ঘটনার খবর শুনে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।