খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। চাঁদা না দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বাবুকে। এতে নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি বন্ধ রেখেছেন মালিকপক্ষ। বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন ব্যবস্থাপকও।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের ভাষ্য, পাঁচ দিন আগে খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপক বাবুকে মোবইলে কল করা হয়। এ সময় তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। পাশাপাশি বিষয়টি ফার্মেসির মালিককে জানাতে বলা হয়। জবাবে ব্যবস্থাপক জানান, তিনি কেবল একজন কর্মচারী।
অভিযোগ অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি সরাসরি ফার্মেসিতে গিয়ে চাঁদার টাকা প্রস্তুত না রাখলে ব্যবস্থাপক বাবুকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এরপর থেকেই ফার্মেসিটি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ব্যবস্থাপকও বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
চয়নিকা ফার্মেসির মালিকের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। প্রথমে তিনি বাড়িতে নেই বলে জানানো হলেও পরে জানালার আড়াল থেকে কথা বলেন। তবে চাঁদা দাবির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
নগরীর মিয়াপাড়া সুলতানা হামিদ আলী স্কুলের পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন ব্যবস্থাপক বাবু। সেখানে গিয়ে তার বাসার দরজায় তালা ঝুলতে দেখা যায়।
প্রতিবেশীরা জানান, তিনি কখন বাড়ি ছেড়ে চলে গেছেন; তা নিশ্চিত করে বলতে পারেননি তারা।
ফার্মেসির আশপাশের ব্যবসায়ীরা জানান, সাধারণত ওই এলাকার দোকানপাট গভীর রাত পর্যন্ত খোলা থাকে। কিন্তু গত বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে চয়নিকা ফার্মেসিটি বন্ধ রয়েছে। বৃহস্পতিবারও প্রতিষ্ঠানটি খোলেনি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, চাঁদা দাবির বিষয়টি তিনি শুনেছেন। তবে ভুক্তভোগীরা নির্দিষ্ট করে কারও নাম বা সুনির্দিষ্ট তথ্য জানাননি। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নগরীর কুইন্স হাসপাতাল, সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং জনপ্রিয় রেস্তোরাঁ চাইনিজ প্যালেসে ভাঙচুরের ঘটনা ঘটে। একের পর এক এমন ঘটনায় নগরীর ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স