গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:০০ পিএম

১২১৪ ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
১২১৪ ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

রাশিয়ার ২০টি অঞ্চলে এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২১৪টি ড্রোন হামলার দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর এসব ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত রাতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ১ হাজার ২১৪টি ইউক্রেনীয় ফিক্সড-উইং বা স্থির ডানাবিশিষ্ট চালকবিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করেছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, ড্রোন হামলার এ সংখ্যা গত ২০ সেপ্টেম্বরের হামলার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ওই দিন ইউক্রেন থেকে ১ হাজার ১১০টি ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেছিল মস্কো।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাতভর রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ৬১৩টি ড্রোন লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করে। এর মধ্যে ২৩১টি ড্রোন মস্কোর দিকে এগিয়ে আসার পথে ধ্বংস করা হয়েছে। বাকি অধিকাংশ ড্রোন রাজধানী থেকে দূরবর্তী এলাকায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করেছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ড্রোন হামলার আশঙ্কায় মস্কোর ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামায় বিধিনিষেধ আরোপ করে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া। পরে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

রুশ বার্তা সংস্থা তাসকে বিমান চলাচল নিয়ন্ত্রণ বিভাগের একটি সূত্র জানায়, ভনুকোভো বিমানবন্দরের বিধিনিষেধের কারণে ইস্তাম্বুল থেকে মস্কোগামী দুটি বিমান মাঝ আকাশ থেকে ফিরে ইস্তাম্বুলে অবতরণ করে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার আরও ১৮টি শহরের বিমানবন্দরেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।