অবৈধ ফুটপাত দখলের পক্ষে যতই যুক্তি বা অজুহাত দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা ও বিকেল সাড়ে ৩টায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানের পর তিনি এ কথা বলেন।
অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এর মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সম্পূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
বারবার অভিযানের পরও হকাররা পুনরায় কীভাবে ফিরে আসে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।’
হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী, দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন। সারাদেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলের বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে, বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’
উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত সাধারণ পথচারীদের মাঝে বেশ উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, তারা স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসককে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।
সূত্র: নতুন আরএসএস সোর্স