গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:৪৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:৫৩ পিএম

৭ দফা দাবিতে লংমার্চ, খুলনায় দুই জনসভা ও ৬ পথসভা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৭ দফা দাবিতে লংমার্চ, খুলনায় দুই জনসভা ও ৬ পথসভা

আগামী ৩১ অক্টোবর ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে খুলনায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। কর্মসূচির অংশ হিসেবে খুলনায় দুটি জনসভা ও ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। এ আয়োজন ঘিরে ১৭টি উপকমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর খুলনা মহানগরের আমির ও ঐক্য জোটের নেতা মাহফুজুর রহমান।

তিনি জানান, ৩১ অক্টোবর সকালে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শুরু হবে। পথে ৬টি পথসভা এবং কুষ্টিয়ায় আরেকটি জনসভার মধ্য দিয়ে তৃতীয় দফার এ কর্মসূচি শেষ হবে। খুলনার শিববাড়ি মোড়ের বাবরী চত্বর ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লংমার্চের গাড়িবহরে এক হাজারের বেশি পাজেরো, হাইয়েস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের গাড়ি যুক্ত থাকবে। খুলনায় প্রবেশের পথ থেকে ফুলবাড়িগেট পর্যন্ত ১৭টি পয়েন্টে গাড়িবহরকে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০টি মাইকের হর্ন স্থাপন করা হবে।

কর্মসূচি ঘিরে ২০টি তোরণ, বড় আকারের ১০০টি বিলবোর্ড ও সাড়ে ১৩ হাজার ব্যানার-প্যানা তৈরি করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। প্রচারের জন্য প্রায় তিন লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। শিববাড়ি মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।

তারা আরও জানান, পথসভাস্থলে ৪৫ ফুট বাই ২৪ ফুট আকারের একটি বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলছে। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।