ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের কাছে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের ব্যবধানে হেরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে, জামায়াতের প্রার্থী পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তাঁর স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের শিট থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।
এদিকে, নির্বাচনে অংশ নেওয়া অন্য তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র: কালবেলা