গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০২:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম

বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইইউফোরের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে ইতালির সামরিক বাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।

ইইউফোর জানায়, বসনিয়ার ব্রচকো অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এলাকাটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইইউফোর।

ইতালি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সবাই ছিলেন ইতালির নাগরিক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন সেনাসদস্য এবং দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক রয়েছেন।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই অপার শোকের মুহূর্তে আমার প্রথম চিন্তা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি। তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।’

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।