গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:০৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম

হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত দেশের শীর্ষস্থানীয় পেশাদার হিসাববিদদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে আয়োজন করতে যাচ্ছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬ পাওয়ার্ড বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’।

অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস (এআইএমএস)-এর অধিভুক্ত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কর্তৃক প্রত্যয়িত রুটে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো হিসাববিজ্ঞান পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সুস্থ কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজনটির আনুষ্ঠানিক ঘোষণা এবং প্রতিযোগিতার টি-শার্ট ও ফিনিশার মেডেল উন্মোচন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উন্মোচন অনুষ্ঠানে আইসিএবির সদস্য, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং আয়োজনসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এফসিএ, ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মো. কামরুজ্জামান এফসিএ, সম্পাদক মোহাম্মদ একলাস উদ্দিন এফসিএ, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম এফসিএ, আয়োজনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন এফসিএ, ইভেন্ট চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান এফসিএ এবং ডিআরসির সদস্য মো. মুস্তাক আহমেদ এফসিএ ও মাহমুদুর রহমান এফসিএসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

Fitness Meets Accounting প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উৎসাহ প্রদান, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং পেশাগত উৎকর্ষের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার অপরিহার্যতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের তথ্যমতে, এবারের আয়োজনে ৩ হাজার ৮০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাঁদের পরিবারের সদস্য, সিএ শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী এবং নানা শ্রেণি-পেশার দৌড়প্রেমীরা। প্রতিযোগিতাটি ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার ও ১ কিলোমিটার- এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ কিলোমিটার বিভাগটি বিশেষভাবে মা ও শিশুদের জন্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর ভোর ৫টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে প্রতিযোগিতা শুরু হবে। অংশগ্রহণকারীরা হাতিরঝিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে নির্ধারিত রুট অতিক্রম করে ফিনিশ লাইনে পৌঁছাবেন। এ আয়োজনের মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা, অধ্যবসায়, দৃঢ়সংকল্প এবং সম্মিলিত অংশগ্রহণের চেতনাকে উদ্‌যাপন করা হবে।

মূল প্রতিযোগিতার আগে আগামী ২ নভেম্বর ২০২৬, সোমবার, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজি-তে এক বিশেষ ‘কিট এক্সপো’ অনুষ্ঠিত হবে। বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিক রেস কিট এবং বিশেষভাবে প্রস্তুত করা উপহারসামগ্রীসমৃদ্ধ গুডি ব্যাগ বিতরণ করা হবে।

এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক পিএলসি, স্প্রিন্ট বাই অ্যাপেক্স, আমিন মোহাম্মদ অ্যাগ্রো, ব্র্যাক ব্যাংক, শাহ সিমেন্ট, বিকাশ, পূবালী ব্যাংক, রানার, ট্রান্সকম লিমিটেড, ফকির টেকনোলজিস, রুচি এবং ডিবিএল সিরামিকস।

এ ছাড়া আয়োজনের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজি, এসএমসি প্লাস, গ্লুকোম্যাক্স-ডি, ইস্পাহানি, কোকা-কোলা, আরাম, ম্যাগি, ডেটল, জিরোক্যাল, মাইলো, নেসক্যাফে, পোলার আইসক্রিম, রিন, ভিম, কল্লোল গ্রুপ অব কোম্পানিজ, কিটক্যাট, নাফকো ফার্মা, লাক্স, সেনোরা কনফিডেন্স, ব্লেন্ডার্স চয়েস টি, জিরোক্যাল, টিকিফাই, আপসাইট বাংলাদেশ, স্পোর্টস বাংলা, ইউসিআর, কন্টিনেন্টাল হাসপাতাল এবং কোটপিন বিডি। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা অংশগ্রহণকারীদের জন্য একটি সমৃদ্ধ, সুশৃঙ্খল ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনটির আনুষ্ঠানিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুগান্তর, আরটিভি ও যমুনা টেলিভিশন। তাদের সহযোগিতায় এ আয়োজনের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শারীরিক সুস্থতা, স্বাস্থ্যসচেতনতা ও ইতিবাচক জীবনধারার গুরুত্ব আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।

শুধু একটি দৌড় প্রতিযোগিতাই নয়, ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬ পাওয়ার্ড বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’ সুস্থতা, সহনশীলতা ও সামাজিক সম্পৃক্ততার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে আইসিএবির অঙ্গীকারের এক অনন্য বহিঃপ্রকাশ। পেশাজীবী, তাঁদের পরিবার এবং ক্রীড়ানুরাগীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার মাধ্যমে এ উদ্যোগ স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায়, দৃঢ়সংকল্প ও পেশাগত উৎকর্ষের মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে চায়।

আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজন শারীরিক সুস্থতা, ঐক্য ও হিসাববিজ্ঞান পেশার মর্যাদা উদ্‌যাপনের এক স্মরণীয় উপলক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে এটি সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে- পেশাগত সাফল্য ও ব্যক্তিগত সুস্থতা পরস্পরের পরিপূরক এবং একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবনের জন্য উভয়ই সমান গুরুত্বপূর্ণ।

ইভেন্ট লিংক: https://web.facebook.com/events/1432525938609720 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।