গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:০৮ পিএম

আর্কটিক অঞ্চলে সহযোগিতা জোরদারে আইসল্যান্ডের সঙ্গে কাজ করতে চায় চীন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আর্কটিক অঞ্চলে সহযোগিতা জোরদারে আইসল্যান্ডের সঙ্গে কাজ করতে চায় চীন

বাণিজ্য, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তর এবং আর্কটিক অঞ্চলের বিভিন্ন বিষয়ে আইসল্যান্ডের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও বৈজ্ঞানিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেইজিংয়ে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তিরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর চীন ও আইসল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্ণ হচ্ছে।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন আইসল্যান্ডের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী। বাণিজ্য ও অর্থনীতি, ভূ-তাপীয় জ্বালানি, সবুজ রূপান্তর, সামুদ্রিক বিষয়াবলি এবং আর্কটিক অঞ্চলে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

এ ছাড়া পর্যটন, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতার কথা উল্লেখ করে ওয়াং ই বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের উচিত সহযোগিতা বাড়ানো এবং যৌথভাবে বহুপক্ষীয় ব্যবস্থা, আন্তর্জাতিক আইনের শাসন ও আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা সমুন্নত রাখা।

তিনি আরও বলেন, আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশকে কাজ করতে হবে। এর মাধ্যমে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নতুন অবদান রাখা সম্ভব হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।