গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:২৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:১১ পিএম

ইরান যুদ্ধের গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন বরখাস্ত মার্কিন জেনারেল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইরান যুদ্ধের গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন বরখাস্ত মার্কিন জেনারেল
ইরান ও ইউক্রেন যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিসংক্রান্ত গোপন তথ্য দুই সাংবাদিকের কাছে ফাঁস করার কথা স্বীকার করেছেন বরখাস্ত পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ ও লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, চারবার পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভিডিওতে তথ্য ফাঁসের কথা স্বীকার করেন সিলভিয়া। পরে তাকে বরখাস্ত করেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সিলভিয়া জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তরে দায়িত্ব পালন করেছিলেন। তদন্তকারীদের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি সংবাদমাধ্যমের কাছে অনুমোদনহীনভাবে গোপন তথ্য প্রকাশ করেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনের শুরু থেকেই তথ্য ফাঁসের ঘটনা ঘটে আসছিল। এ কাজে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল ব্যবহার করা হয়। এ ছাড়া ভার্জিনিয়ার আর্লিংটনের একটি রেস্তোরাঁয় এক সাংবাদিকের সঙ্গে বৈঠকও করেন সিলভিয়া। তদন্তকারীরা আরও জানিয়েছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে গোপন নথি থেকে হাতে লেখা নোট ব্যবহার করে সাংবাদিকের কাছে তথ্য প্রকাশ করেছিলেন তিনি। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সম্ভাব্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পার্নেল লিখেছেন, ‘গোপন তথ্য ব্যক্তিগত সম্পত্তি নয়। ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা পেশাগত সুবিধা আদায়ের জন্য এ ধরনের তথ্য ফাঁস করা মানে যাদের ওপর তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।’ তিনি আরও বলেন, ‘আমাদের অঙ্গীকার ফাঁকা বুলি ছিল না। আমরা বলেছিলাম, আপনাকে খুঁজে বের করব এবং আমরা সেটাই বোঝাতে চেয়েছি।’ সূত্র : অ্যাক্সিওস

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।