ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতালেও নিজ দেশের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে লিওনেল মেসির ফেরার গুঞ্জন প্রায়ই শোনা যায়। তবে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আর্জেন্টাইন জাদুকর। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, অদূর ভবিষ্যতে ক্লাব বদল বা অন্য কোথাও যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির।
দলবদলের বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী মাসগুলোতে কিংবা দীর্ঘ মেয়াদেও নতুন কোনো ক্লাবে যাওয়ার কথা ঘুণাক্ষরেও ভাবছেন না মেসি। আর এতেই শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে মেসির ফেরার সব গুঞ্জনের অবসান ঘটল। রোমানো বলেন, আর্জেন্টিনার প্রথম ক্লাবটিতে তার ফেরা নিয়ে নানা তথ্য ছড়ালেও ইন্টার মায়ামিতে দারুণ খুশি মেসি।
সম্প্রতি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট’ অর্জন করা মেসি বর্তমানে সম্পূর্ণ মনোযোগী ইন্টার মায়ামির হয়ে মাঠে নিজের সেরাটা দিতে। রোমানো যোগ করেন, যুক্তরাষ্ট্রেই পরিবার নিয়ে অত্যন্ত থিতু ও সুখী জীবন কাটাচ্ছেন তিনি।
২০২৮ সাল পর্যন্ত মার্কিন ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। সেই মেয়াদ পুরোপুরি শেষ করার পূর্ণ ইচ্ছা তার রয়েছে এবং অন্য কোনো ক্লাবের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনাও চলছে না। তবে শারীরিক ফিটনেস ঠিক থাকলে ২০২৮ সালের পরও চুক্তি নবায়নের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না রোমানো, যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা এখন অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়।
মাঠের বাইরেও নিজের কার্যক্রম বাড়িয়ে চলেছেন মেসি। ভবিষ্যৎ প্রজন্মের ফুটবল প্রতিভা অন্বেষণের জন্য সম্প্রতি ‘মেসি কাপ’ নামে একটি আন্তর্জাতিক যুব টুর্নামেন্টও প্রতিষ্ঠা করেছেন তিনি।
সূত্র: কালবেলা