সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক যুবকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন ২২ বছর বয়সী এক তরুণী।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকার বাসিন্দা বিমল চন্দ্র দাসের ছেলে অনিক কুমার দাসের (২১) পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে।
তরুণীর দাবি, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের ধারাবাহিকতায় বিয়ের দাবিতে তিনি যুবকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।
তরুণী জানান, গত রাতে তিনি পুঠিয়ায় পৌঁছান। পরে যুবকের পরিবারের সদস্যরা তাকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান। অনিককেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা তরুণীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে পরামর্শ দিয়েছেন। তবে বিয়ের দাবিতে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন ওই তরুণী।
যুবকের বাবা বিমল চন্দ্র দাস জানান, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। তার দাবি, মেয়ের বিষয়ে তাদের আর কোনো দাবি নেই বলে জানিয়েছেন তরুণীর বাবা-মা। পরিবার যা ইচ্ছা করতে পারে বলেও তারা জানিয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, যুবকের বাড়িতে ওই তরুণী অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স