গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:০৭ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী রোববার (১ নভেম্বর) তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে পোশাকশিল্পের নতুন মজুরি বোর্ড গঠন, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিক ছাঁটাইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন শ্রমিকনেতা জানান, আলোচনা শেষে শ্রমমন্ত্রী বলেছেন, আগামী রোববার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ডে পাঠানো হবে। সেদিনই নতুন মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রী মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি চূড়ান্ত করতে শ্রমিকনেতাদের কাছে নাম চান। কালকের মধ্যে নাম দেওয়ার তাগিদ দেন তিনি।

বৈঠকে থেকে মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে মনোনয়নের জন্য শ্রমিকনেতা বাবুল আখতার, তৌহিদুর রহমান ও সুলতানা আক্তারের নাম মন্ত্রীকে দেয় বিভিন্ন শ্রমিক ফেডারেশনের জোট।

জানা যায়, বৈঠকে পোশাকশ্রমিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়; যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া শ্রমমন্ত্রী পোশাকশ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে মালিক ও শ্রমিকনেতাদের কাজ করতে তাগিদ দেন। কোনো কারখানা বন্ধ করতে হলে আগে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মন্টু ঘোষ, মোশরেফা মিশু, বাবুল আখতার, নাজমা আক্তার, তসলিমা আখতার প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।