রাজবাড়ীর দৌলতদিয়ায় আঞ্জুমান কাদেরীয়া খানকা শরিফ প্রাঙ্গণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামের এক বাবুর্চির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুর্চি ফজের আলীর সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন। তিনি দৌলতদিয়া বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।
তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। নিহত মো. ফজের আলী দৌলতদিয়া খানকা শরীফের বাবুর্চি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া খানকা শরিফের রান্নাঘরে গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খাবার চান। এ সময় খাবার দিতে দেরি হওয়ায় রান্নাঘরে থাকা লাকড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বাবুর্চি ও তার সহকারীকে। উপস্থিত খানকা শরিফের ভক্ত ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাবুর্চির সহকারী সোনাভান বিবিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। তবে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: কালবেলা