গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:০৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:০৫ এএম

অনূর্ধ্ব-২৩ দল নিয়েই ঢাকায় সাফে আসছে ভারত, স্কোয়াডে কারা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অনূর্ধ্ব-২৩ দল নিয়েই ঢাকায় সাফে আসছে ভারত, স্কোয়াডে কারা

ঢাকায় নভেম্বরের প্রথম সপ্তাহে বসতে চলেছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে দল দিয়েছে ভারত। এটি ভারতের মূল দল নাকি অনূর্ধ্ব-২৩? বেশ আগের থেকেই আলোচনায় ছিল বয়সভিত্তিক দলকে পাঠাবে দেশটি। সেটাই করল, দুই অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে সেই দলের সমন্বয় ঘটানো হয়েছে। ডাগআউটেও থাকবেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা। দলে আছেন দুই অভিজ্ঞ লিস্টন কোলাসো, ব্রিসন ফের্নান্দেজ। তাদের সঙ্গে ডাক পেয়েছেন যুব দলের অধিকাংশ খেলোয়াড়। মূলত খালিদ জামিলের মূল দলের লক্ষ্য সাফ নয়, আন্তর্জাতিক বিরতিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ। ১১ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই কারণে সাফে ভারতের দায়িত্বে থাকবেন মুসা। শুক্রবার আজারবাইজানে শেষ হওয়া ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ভারতের কোচের দায়িত্ব ছিলেন বিবিয়ানো ফার্নান্দেজ। তিনি থাকবেন সাফে ভারতের সহকারী কোচ হিসেবে। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, ৩ নভেম্বর কলকাতা থেকে ১৮ জন খেলোয়াড় ঢাকা আসবেন। বাকি ১০ জন পরের কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে যোগ দেবেন। ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সাফ। ছয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপপর্ব শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল হবে। ভারত স্কোয়াড গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে। ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন, সন্দীপ মান্ডি। মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচোম, ব্রিসন ফের্নান্দেজ, এবিনদাস জেসুদাসন, ফারুক চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফেল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম। ফরোয়ার্ড: ইরফান জাদওয়াদ , লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি এবং সুহাইল আহমেদ ভাট।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।