প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০২:১৪ পিএম || প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের বেরিয়ে আসা এবং দেশটির পারমাণবিক নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ইরানের আইনপ্রণেতা সাইয়্যেদ মাহমুদ নবাভিয়ান। এ নিয়ে দেশটির কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তির একই ধরনের দাবি নতুন করে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নবাভিয়ান লিখেছেন, ‘যুদ্ধ ও নিষেধাজ্ঞার জন্য আমরা যখন চড়া মূল্য দিয়েছি, তখন ইরানি জাতির জন্য এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসা এবং পারমাণবিক নীতি পরিবর্তনের সময় এসেছে।’
এদিকে ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে আসার পক্ষে ১০টি প্রস্তাব জমা পড়েছে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা চলছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফার্স।
একই দাবির পক্ষে কথা বলেছেন ইরানের রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবারি। শুক্রবারের জুমার খুতবায় তিনি দেশটির পারমাণবিক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আকবারি বলেন, পারমাণবিক নীতি পরিবর্তনের দাবি কোনো তাড়াহুড়া বা আবেগপ্রসূত প্রতিক্রিয়া নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা সম্পর্কে ইরানিদের সচেতনতার প্রতিফলন।
সূত্র: আলজাজিরা
সূত্র: কালবেলা