গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ পিএম

বাংলাদেশকে হারিয়ে দেওয়া ওয়ারিকানের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশকে হারিয়ে দেওয়া ওয়ারিকানের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানো মোটেও সহজ কথা নয়। আর সেই কাজটাই স্পিন শক্তিতে ভর করে করে দেখাল ক্যারিবীয়রা। ম্যাচে বাংলাদেশের স্পিনারদের ৮ উইকেটের বিপরীতে সফরকারী স্পিনাররা নিয়েছেন ১৬টি উইকেট। যার মূল কারিগর বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। তিনি একাই ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

ম্যাচ শেষে অধিনায়ক রস্টন চেজ সতীর্থ স্পিনারের প্রশংসা করে বলেন, আমাদের স্পিন আক্রমণ বেশ মানসম্পন্ন, যার নেতৃত্ব দিচ্ছে জোমেল ওয়ারিকান। ওকে আমি অনেক বছর ধরে চিনি, স্কুলেও আমরা একসাথে পড়েছি। ও একজন দারুণ কারিগর। দিন দিন ওর বোলিংয়ে উন্নতি এসেছে এবং যখনই সুযোগ পায়, সেরাটা উজাড় করে দেয়। পুরো স্পিন ইউনিটকে ও দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে, যা আমাদের মধ্যে ভালো করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করে চেজ আরও যোগ করেন, প্রথম দিনের দ্বিতীয় ঘণ্টার পর থেকে আমরা একদম সঠিক লাইন-লেংথে বল করে বাংলাদেশি ব্যাটারদের টানা চাপে রাখতে পেরেছি। পেসাররাও রানরেট নিয়ন্ত্রণে রেখে দারুণ সহায়তা করেছে।

বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন, তাই স্বাগতিকদের খুব বেশি লিড নিতে না দেওয়াটাকেই জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে শুরুতেই আমরা দ্রুত ৪ উইকেট তুলে নিই, যা বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেয়। এরপর শুধু ধৈর্যের সাথে সঠিক জায়গায় বল করে বাকি উইকেটগুলো তুলে নেওয়ার অপেক্ষা ছিল।

১৭০ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের ইতিবাচক ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করেন চেজ। ১১৫ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ে নোঙর করান কিং। চেজের ভাষায়, "ব্র্যান্ডন খুব দারুণ খেলেছে। স্পিনাররা কখনোই ওকে চেপে ধরতে পারেনি। ও পেস বোলিং খেলতে বেশি পছন্দ করে, কিন্তু এখানে যেভাবে স্পিনকে শাসন করল তা দেখা সত্যিই দারুণ আনন্দের।

পিচ বিচারে শেষ মুহূর্তে দলীয় একাদশে পরিবর্তন এনে অভিজ্ঞ পেসার কিমার রোচের পরিবর্তে আরেক বাঁহাতি স্পিনার জোশুয়া বিশপকে অভিষেক করানোর ব্যাখ্যাও দেন চেজ। প্রথম দিন সকালে ঘাস ছেঁটে ফেলায় স্পিনসহায়ক পরিবেশ তৈরি হয় এবং বিশপ প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।