গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ পিএম

ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (৩১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব প্যাদা (২৬) ও ইমরান প্যাদা (৩৮)। শনিবার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে রাকিব এবং ঢাকার রায়েরবাজার এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ভুক্তভোগীর বাড়িতে যায়। পরে ভুক্তভোগীর স্বামী হাসান প্যাদা বাদী হয়ে ওই দিনই থানায় মামলা করেন। মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকায় বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় ধর্ষণের শিকার হন ওই নববধূ। গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে তাকে বাজারে নিয়ে যান তার সৎ ভাসুর ইমরান প্যাদা। বাড়ি ফেরার পথে নির্জন স্থানে ইমরান ও প্রতিবেশী চাচা শ্বশুর রাকিব প্যাদা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে সঙ্গে করে বাকেরগঞ্জ থানায় মামলা করতে যান তিনি। তবে ভুক্তভোগীর অভিযোগ, থানায় গিয়ে ওসি আদিল হোসেনকে ঘটনার বিবরণ দিলে তিনি অভিযোগ গ্রহণ না করে ধর্ষণের কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেন। গোসল করার কারণে আলামত নষ্ট হয়ে গেছে এবং অভিযোগ প্রমাণ করতে না পারলে তাকেই সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলেও ভয় দেখানো হয়। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি আদিল হোসেন। তার ভাষ্য, ভুক্তভোগী স্বামী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে থানায় এলে তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়। তবে তারা পরে জানাবেন বলে থানা থেকে চলে যান। পরে পুলিশ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে ও তার স্বামীকে থানায় নিয়ে আসে। এরপর তাদের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। ওসি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।