গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:২৪ পিএম

আশুলিয়ায় পাঁচ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ২ ঘণ্টা সড়ক অবরোধ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আশুলিয়ায় পাঁচ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ২ ঘণ্টা সড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় পাঁচটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, ইউনিক, জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিতপুর এলাকার বিভিন্ন কারখানায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি কারখানা ও ট্রাউজার লাইন লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল ১০টার পর তারা সড়কে নেমে অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে তিনটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন কালবেলাকে বলেন, ‘কারখানাগুলোয় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মবিরতি পালন করা কারখানাগুলোর শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিতে হবে। দ্রুত তাদের সঙ্গে আলোচনা করে দাবিগুলোর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

এদিকে শ্রমিকদের আশ্বস্ত করতে সকাল থেকেই মাইকিং শুরু করে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১। সকাল ১০টার দিকে পুলিশের গাড়ি থেকে মাইকিং করে শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে পুলিশের আন্তরিকতার কথা জানানো হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।