গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা সেই জামায়াত নেতার বসতঘর ভাঙচুর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা সেই জামায়াত নেতার বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে নিলখী ইউনিয়নে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া জামায়াতে ইসলামীর নেতার বসতঘরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই জামায়াত নেতার নাম তাইজুল ইসলাম। তিনি নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। ভিডিও ভাইরালের পর তাকে দল থেকে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, গত ২৫ অক্টোবর রোববার দুপুরে তাইজুল ইসলাম নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। ভিডিও ভাইরালের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা করতেন।

যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেন, ভিডিওতে দেখা ওই নারী তার স্ত্রী। তবে আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জামায়াতের শিবচর উপজেলা কমিটির নায়েবে আমির মজিবুর রহমান শিকদার বলেন, তার বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি আমাদের একজন কর্মী ছিলেন। তাকে আমরা বহিষ্কার করেছি। তার বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকার লোকজন একটা মানববন্ধন করেছে বলে জানতে পেরেছি। পরে কিছু লোক ঘরবাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।