গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম

ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত, কূটনীতিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত, কূটনীতিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ওয়াশিংটন এখনো শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রেখেছে। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা উদ্বেগগুলো সমাধান করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আটলান্টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা রয়েছে। খবর আনাদোলু  এজেন্সি।

তিনি বলেন, একাধিক আলোচনা চলছে। প্রকৃতপক্ষে আলোচনা কখনো বন্ধ হয়নি। তার ভাষ্য অনুযায়ী, সরাসরি যোগাযোগের পাশাপাশি মধ্যস্থতাকারীদের মাধ্যমেও বেশিরভাগ আলোচনা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তুলে ধরে রুবিও বলেন, বিশ্বের যেকোনো সংকট সমাধানে প্রেসিডেন্টের প্রথম পছন্দ কূটনৈতিক ও শান্তিপূর্ণ উদ্যোগ। যুক্তরাষ্ট্রও এমন একটি সমাধানকে স্বাগত জানাবে, যদি তা দেশটির জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে না ফেলে এবং গুরুত্বপূর্ণ উদ্বেগগুলো অমীমাংসিত না রাখে।

রুবিও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অঞ্চলজুড়ে তেহরানের ভূমিকা ওয়াশিংটনের প্রধান উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য পণ্যবাহী জাহাজে হামলা শুধু সামুদ্রিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহকেও হুমকির মুখে ফেলছে।

এছাড়া ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহসহ আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীকে ইরানের সমর্থনের বিষয়টিও তুলে ধরেন তিনি। রুবিওর দাবি, এসব গোষ্ঠীর কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে।

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন রুবিও। তিনি বলেন, রিয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে ওয়াশিংটনের এবং বিদ্যমান চুক্তিগুলো মেনে চলবে যুক্তরাষ্ট্র।
  
সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।