পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা যে চাপের মধ্যে রয়েছেন, তা মালিকপক্ষও উপলব্ধি করে। তবে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কারখানার রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জও বাস্তব। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানা সচল রাখা এবং শিল্পের সক্ষমতা ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক, তিন পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এমন কাঠামো প্রয়োজন, যা শ্রমিকের জীবনমান সুরক্ষিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতাও ধরে রাখবে।’
মোহাম্মদ হাতেম বলেন, ‘শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। দুই পক্ষের স্বার্থ সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে।’
তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স