গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন
রাআম দলের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। ২৯ অক্টোবর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটাতে আরব-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’–এর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। সম্ভাব্য জোট সরকার গঠনের বিষয়ে তিনি জয়েন্ট লিস্টের দুই নেতা ইউসেফ জাবারিন ও আহমাদ তিবির সঙ্গে কথা বলেছেন। হাদাশ, তাআল ও বালাদ দলের সমন্বয়ে গঠিত এই জোট মূলত আরব–ইসরায়েলি জনগোষ্ঠীর অধিকার নিয়ে রাজনীতি করে।

গত সপ্তাহের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। এর পর থেকে তাঁকে হটাতে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের জোর তৎপরতা চলছে। আইজেনকটের নেতৃত্বাধীন জোটে আছেন গোলান। তিনি আগেই আরেক আরব দল রাআমের চেয়ারম্যান মনসুর আব্বাস এবং অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। নেতানিয়াহুবিরোধী শিবিরের মধ্যে গোলানই একমাত্র নেতা, যিনি সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে প্রকাশ্যে সহযোগিতার পক্ষে অবস্থান নিয়েছেন।

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে পারে বিরোধী জোট

এর আগে মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের নেতা আহমাদ তিবি বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে রাজনৈতিক সাহস দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। তাআল পার্টির প্রতিষ্ঠাতা তিবি বলেন, এবার নেসেটে ফিলিস্তিনি আরব প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা না করার কোনো গণতান্ত্রিক যুক্তি নেই। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেন। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকট এগিয়ে এলে তাঁরা বাইরে থেকে সেই সরকারকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান।

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন


ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং রাআম ৮টি আসন পেয়েছে। সব মিলিয়ে আরব দলগুলোর আসন দাঁড়িয়েছে ১৯টিতে। বিপরীতে নেতানিয়াহুর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি এবং আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এই বিরোধী জোটে ইয়ার গোলানের দল দ্য ডেমোক্র্যাটস পেয়েছে ৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষের হাতেই নেই। ফলে আরব দলগুলোর সমর্থন ছাড়া নেতানিয়াহুর বিদায় নিশ্চিত করে বিকল্প সরকার গড়া বিরোধীদের পক্ষে কার্যত অসম্ভব।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।