প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম || প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:২৮ এএম
যুক্তরাষ্ট্রে বসে রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ল্যাব পরিচালনা করতেন আমেরিকান নাগরিক তৌসিফ হাসান (২২)। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার সকালে ওয়ারীর র্যাংকিন স্ট্রিটে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের সন্ধান মেলে। পরে ওয়ারীর বাসায় অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পান কর্মকর্তারা।
সেখান থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ এবং চাষের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদও পাওয়া যায়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ মেলে।
সূত্র: কালবেলা