গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম

‘আয়রন মেস’ মহড়াকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘আয়রন মেস’ মহড়াকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। ‘আয়রন মেস’ নামক এ মহড়ার জেরে নিজেদের পারমাণবিক প্রতিরোধক্ষমতা আরও দ্রুত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উপবিভাগীয় পরিচালক কিম জং সিক বলেন, ‘আয়রন মেস’ মহড়া প্রমাণ করেছে, পারমাণবিক অস্ত্র দিয়ে উত্তর কোরিয়াকে দমনের মার্কিন উচ্চাকাঙ্ক্ষা এখনো বদলায়নি; বরং এ ধরনের হুমকি দিন দিন বাড়ছে।

তিনি বলেন, ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়াসহ অন্যান্য কর্মকাণ্ড উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘আয়রন মেস’ মহড়া অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রচলিত সামরিক শক্তির সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং উৎপাদনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিম জং সিকের এ ধরনের বক্তব্য দেওয়া অস্বাভাবিক। সাধারণত দেশটির প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নীতিগত অবস্থান জানিয়ে থাকে। এক বিশ্লেষকের মতে, ক্ষেপণাস্ত্র উন্নয়নের পাশাপাশি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতিনির্ধারণেও কিমের ভূমিকা বাড়তে পারে।

গত সেপ্টেম্বরে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার দিকে লাউডস্পিকারে প্রচারণা আবার শুরুর হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। অক্টোবরের শেষ নাগাদ তা শুরুর কথা থাকলেও সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং এ হুমকি বাস্তবায়ন করেছে—এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।