গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম

মালয়েশিয়ায় দুটি কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মালয়েশিয়ায় দুটি কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল হক মালয়েশিয়ায় দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন। এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ গবেষণাপ্রবন্ধ উপস্থাপনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘একাডেমি প্রফেসর মালয়েশিয়া’। 

আগামী ৩-৪ নভেম্বর কুয়ালালামপুরের মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এমআরএএনটিআই)-এ অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে তিনি “Framing Islam in Bangladeshi Media: A Critical Content Analysis of Representation, Narratives, and Stereotypes” শীর্ষক গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।

এপিএসসি ২০২৬-এ মালয়েশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বুদ্ধিবৃত্তিক বিনিময়, আন্তঃবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া আগামী ১০-১১ নভেম্বর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামিক জুরিসপ্রুডেন্স (আইসিআইজে ২০২৬)-এ তিনি “Ethical Use of Artificial Intelligence: An Islamic Perspective” শীর্ষক গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।

এ কনফারেন্সের প্রতিপাদ্য হলো “Artificial Intelligence in the Light of Maqasid Shariah: Contemporary Issues and Future Prospects”। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নৈতিক, আইনগত ও সামাজিক প্রভাব এবং মাকাসিদুশ শরিয়াহর আলোকে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে ইসলামি আইনশাস্ত্র, ফতোয়া, ইসলামি অর্থনীতি, শিক্ষা, সুশাসন, মানবিক মর্যাদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।