প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:২১ পিএম || প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কবার্তা পাঠানোর অ্যাপে সাইবার হামলা হয়েছে। রোববার ইউক্রেনের অ্যাপে ভুয়া সতর্কবার্তা ছড়ানোর কয়েক ঘণ্টা পর রাশিয়াও তাদের অ্যাপে সাইবার হামলার কথা জানিয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় সোমবার জানায়, হামলার কারণে তাদের অ্যাপে ভুল তথ্য ছড়িয়েছে। এই অ্যাপের মাধ্যমে মানুষকে ড্রোন হামলার বিষয়ে সতর্ক করা হয়।
এর আগে রোববার সন্ধ্যায় ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির সতর্কবার্তা অ্যাপে কিয়েভ ও আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার ভুয়া খবর পাঠানো হয়েছে। এ ছাড়া রাস্তায় সংঘর্ষের আশঙ্কা এবং রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথাও বলা হয়।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শত্রুপক্ষের সাইবার হামলার কারণে এসব ভুয়া বার্তা ছড়িয়েছে। তবে দেশে তেজস্ক্রিয় বিকিরণের কোনো হুমকি নেই। মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তারা।
ইউক্রেনের কৌশলগত যোগাযোগ কেন্দ্র এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। তবে রাশিয়ার অ্যাপে কারা হামলা চালিয়েছে, তা জানায়নি মস্কো।
ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলার সতর্কতা দিতে দেশটির অ্যাপটি ব্যবহার করা হয়। তবে কিয়েভের জন্য আলাদা অ্যাপটি স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
দুই দেশের অ্যাপে হামলার ঘটনা ঘটল খেরসন অঞ্চলের একটি অংশে স্থানীয় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর। গত মঙ্গলবার শুরু হওয়া এই যুদ্ধবিরতি রোববার শেষ হয়। যুদ্ধ শুরুর পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ স্থানীয় যুদ্ধবিরতি।
সূত্র: আলজাজিরা; এএফপি ও রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স