গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (০২ নভেম্বর) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে ওই নারীর বসতঘর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী কুদ্দস মিয়া পলাতক রয়েছেন। তিনি তার তৃতীয় স্ত্রী। গত এক মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুদ্দুস একজন মাদকসেবী ছিলেন। তিনি প্রায় সময় নেশা করে তার স্ত্রীকে মারধর করতেন। রোববার রাতেও কুদ্দুস তার স্ত্রীর কাছে টাকা চান। মারুফা টাকা দিতে না চাওয়ায় কুদ্দুস তাকে মারধর করেন। তবে সোমবার সকাল থেকে ঘরের ভেতর মারুফার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়রা মোবাইলের রিং টোনের শব্দ শুনে ঘরের ভেতর ঢুকে মারুফার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফার মরদেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী কুদ্দুস মিয়া নেশার টাকার জন্য মারুফাকে হত্যা করে পালিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।