চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা ঘোষণা করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। তাদের হিসাবে কর-পরবর্তী মুনাফা ৩৫ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
আইডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৮২ পয়সা, গত বছর ছিল ৬১ পয়সা। মোট সুদ আয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৪৯ কোটি টাকা এবং সুদ ব্যয় দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৫৬১ কোটি টাকা। ফলে নিট সুদ আয় ১৮৮ কোটি টাকা।
বিনিয়োগ থেকে আয় ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৩০ লাখ টাকা। কমিশন ও ব্রোকারেজ আয় বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। সব মিলিয়ে মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৮০ লাখ টাকা, যা গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
পরিচালন ব্যয় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১২৯ কোটি টাকা। ব্যয়ের তুলনায় আয় দ্রুত বৃদ্ধির ফলে প্রভিশন–পূর্ব মুনাফা ৪০ শতাংশের বেশি বেড়ে হয়েছে ১৯০ কোটি ৭০ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর তারিখে ঋণ, অগ্রিম ও লিজের স্থিতি ছিল ৭ হাজার ৫৭৮ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। চাহিদার স্থবিরতা কাটিয়ে ওঠার মধ্যেও সতর্কতার সঙ্গে ঋণ দিয়েছে আইপিডিসি। আমানত ৯ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৬৭৯১ কোটি টাকা। বিনিয়োগ পোর্টফোলিও ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ১৫৫৬ কোটি টাকা।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, শিগগিরই ৪৫তম বছরে পা রাখতে যাচ্ছে আইপিডিসি। এই বিশেষ মুহূর্তে এমন অর্জনে ব্যবসার গতি বৃদ্ধি, নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক ভিত্তি মজবুত রাখার চেষ্টা ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো