গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ পিএম

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের
কক্সবাজারের চকরিয়ায় মেয়ের বাড়িতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মছনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত রশিদ আহমদ একই উপজেলার পহরচাঁদা ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। হাঁটার সময় অসাবধানতাবশত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের খুব কাছাকাছি চলে যান তিনি। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের হর্ন বা হুইসেল শুনতে পাননি। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।