গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ পিএম

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৭ সালের সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। সরকারি ছুটির এ তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোট ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন।

তিনি বলেন, ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রয়েছে। এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (দুটি শুক্রবার ও দুটি শনিবার)। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন (একটি শুক্র ও দুটি শনিবার)।’

ধর্মীয় পর্ব উপলক্ষে কর্মচারীদের বছরে সর্বোচ্চ তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে জানিয়ে নাসিমুল গনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।