গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ পিএম

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল দুটিতে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে কলেজ শিক্ষার্থী স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌর সদরের হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)। এজাজুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খানের ছেলে রাজন খান এবং জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহত যুবকেরা নিজ নিজ মোটরসাইকেলে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। এক্সপ্রেসওয়ের খুলনা লেনে স্বাধীনের মোটরসাইকেলটি জিয়াকুলির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা রাজনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই স্বাধীন ও এজাজুল মারা যান এবং সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং একটি মোটরসাইকেল ভুল দিক দিয়ে আসার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।