প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম || প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে বলে আশা করছে না ইরান। বরং ওয়াশিংটন তেহরানের দাবি ও অবস্থান মেনে নিচ্ছে কি না, তার ওপরই দুই দেশের মধ্যে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
সোমবার (০২ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘায়ি বলেন, আগামীকালের মধ্যবর্তী নির্বাচনের পর আমরা নতুন কোনো আমেরিকার আবির্ভাব আশা করছি না। ইরানের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা ৭০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে।
বাঘায়ি জানান, নিজেদের দাবি আদায়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংলাপ চালিয়ে যেতে চায় তেহরান। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানের দাবি ও অবস্থান মেনে নেয় কি না, তার ওপর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবি ও অবস্থান বাস্তবায়ন করে কি না, সবকিছু তার ওপর নির্ভর করছে। এরপরই আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে।
এ সময় ওয়াশিংটনের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে, এমন ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্বও তুলে ধরেন বাঘায়ি। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় আসলে কারা সরকার পরিচালনা করছে এবং সিদ্ধান্ত নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে কার সঙ্গে কথা বলা উচিত? শেষ পর্যন্ত কি সব পথ তেল আবিবেই গিয়ে মেলে?
সূত্র : টাইমস অব ইসরায়েল
সূত্র: কালবেলা