গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:০৫ এএম

অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন, আতঙ্কে বাসিন্দারা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন, আতঙ্কে বাসিন্দারা
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাতে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) শোধনাগারে এ ঘটনা ঘটে। আগুনের কারণে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শোধনাগারের একটি সালফার পিচের ট্যাঙ্কে আগুন লাগে। বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জরুরি সেবার কর্মীরা। শোধনাগারের নিজস্ব দমকল দলও আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী জানিয়েছেন, আগুন নির্দিষ্ট ওই ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আগুনের কারণে আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লেও প্রশাসনের দাবি, ওই ধোঁয়া বিপজ্জনক নয়। ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।