গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০২:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

এবার ক্লাস্টার ওয়ারহেডবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এবার ক্লাস্টার ওয়ারহেডবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবারের এ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির উল্লম্বভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও উড্ডয়ন বৈশিষ্ট্য যাচাই করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এর এক দিন আগে ক্লাস্টারযুক্ত ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। এর মধ্যে সুরক্ষিত সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রে সংযুক্ত মাঝারি আকারের ক্লাস্টার ওয়ারহেডটি সর্বোচ্চ ঘনত্বের বিস্ফোরণশক্তি প্রয়োগ করে ৫ থেকে ৬ হেক্টর আয়তনের একটি লক্ষ্য এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ক্ষেপণাস্ত্রটির শেষ পর্যায়ের গতিপথ পরিবর্তনের সক্ষমতা উন্নত করার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দক্ষতা যাচাই করা হয়েছে। প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে এ পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়ার এক কর্মকর্তা বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের হুমকি প্রতিরোধে সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিশ্চিত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।

দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেন, ‘এ ধরনের শক্তিশালী অস্ত্রব্যবস্থার বিভিন্ন যুদ্ধক্ষমতা বাইরে থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়াকে (ডিপিআরকে) সুরক্ষা দিতে এবং রাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে সহায়তা করবে।’

সম্প্রতি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া একাধিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আক্রমণাত্মক ড্রোন, নতুন নির্ভুল নিশানাভিত্তিক টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

তবে সোমবারের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী কোনো ঘোষণা দেয়নি। রোববারের পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিল তারা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ থাকলেও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ নয়।

সূত্র : রয়টার্স ও সিনহুয়া

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।