প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
আকাশে চাঁদ ও বৃহস্পতি গ্রহের এক অতি নিকটবর্তী ও দুর্লভ সংযোগের সাক্ষী হলো বিশ্ববাসী। ভোরের আকাশে চাঁদ ও বৃহস্পতির এই দুর্লভ সংযোগের দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিবরণ ও একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন জোবায়ের কাওলিন।
ফেসবুক পোস্টে জোবায়ের কাওলিন জানান, ভোরের দিকে চাঁদ ও বৃহস্পতি গ্রহকে আকাশে একে অপরের খুব কাছাকাছি দেখা গেছে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে ‘সংযুতি’ বা ‘কনজাংশন’ (Conjunction) বলা হলেও এবারের এই সংযুতি ছিল বেশ ব্যতিক্রমী। কারণ দুটি বস্তুর মধ্যে মাত্র ১০ আর্কমিনিট ব্যবধান ছিল।
জোবায়ের উল্লেখ করেন, ১ আর্কমিনিট হলো ১ কৌণিক ডিগ্রির ৬০ ভাগের এক ভাগ। অর্থাৎ, বৃহস্পতিকে চাঁদ থেকে চাঁদের আপাত ব্যাসের প্রায় ৩ ভাগের ১ ভাগ ব্যবধানে আকাশে দেখা গেছে। যদিও এই দুই বস্তুর একে অপরের থেকে দূরত্ব বহু কোটি কিলোমিটার, তবুও তাদের কক্ষপথে অবস্থানের কারণে পৃথিবী থেকে এমন দৃশ্য দেখা গেছে।
পোস্টে আরও জানানো হয়, গত বছরের শেষ থেকে এই ঘটনার বিষয়ে সবাইকে জানিয়ে আসছিলেন তিনি। তার তোলা এই চমৎকার ছবিটি নভেম্বরের ৩ তারিখ ভোর ৩টা ৩৯ মিনিটে ধারণ করা হয়েছে। এমন দুর্লভ মহাজাগতিক দৃশ্য অনেকেই উপভোগ করেছেন এবং এটি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স