সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক মধুর একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লাখ টাকার পাট পুড়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয় সংলগ্ন ওই গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির।
পাট গুদামের মালিক গোলাম ফারুক মধু কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়ারা গুদামের দিক থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গুদামে আগুন জ্বলতে দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুদাম খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে ভোররাত ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটলো তাও নির্ণয় করা সম্ভব হয়নি।
গোলাম ফারুক মধু দাবি করেন, তার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তাই আগুনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ বলে তার সন্দেহ।
তিনি জানান, গুদামে মজুত থাকা প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স