গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম

গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশুর জন্য কী করা উচিত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশুর জন্য কী করা উচিত

গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াকে গর্ভকালীন ডায়াবেটিস বা জেসটেশনাল ডায়াবেটিস মেলিটাস বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এর স্পষ্ট কোনো উপসর্গ থাকে না। ফলে পরীক্ষা না করালে অনেক নারী বুঝতে পারেন না যে তাঁদের রক্তে শর্করা বেড়ে গেছে।

কারা বেশি ঝুঁকিতে?

● অতিরিক্ত ওজন বা স্থূলতা।

● পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস।

● মায়ের বয়স ২৫ বছর বা বেশি।

● শারীরিক পরিশ্রম ও নিয়মিত হাঁটাচলার অভাব।

● আগের গর্ভাবস্থায় ডায়াবেটিসের ইতিহাস বা স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের শিশু জন্ম দেওয়ার ইতিহাস।

● পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং প্রি ডায়াবেটিসের ইতিহাস।

তবে এসব ঝুঁকির কোনোটি না থাকলেও গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে। 

কখন পরীক্ষা করাবেন

গর্ভাবস্থার ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে রক্তে শর্করা পরীক্ষা করা উচিত। তবে ঝুঁকি বেশি থাকলে চিকিৎসক প্রথম সাক্ষাতেই রক্তের শর্করা পরীক্ষা করতে দিতে পারেন।

চিকিৎসা কী

চিকিৎসার মূল লক্ষ্য হলো রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা। সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ নারী সুস্থভাবে গর্ভাবস্থা পার করতে পারেন। প্রথম ধাপে সাধারণত সুষম খাবার, খাদ্যগ্রহণে শৃঙ্খলা, নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়। নিয়মিত গ্লুকোমিটারের সাহায্যে রক্তের শর্করা মেপে ফলাফল লিখে রাখা এবং মা ও শিশুর অবস্থা পর্যবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস হলে ফল খাবেন, না খাবেন না

গর্ভাবস্থায় ইনসুলিন কি নিরাপদ

ইনসুলিন গর্ভাবস্থায় রক্তের শর্করা নিয়ন্ত্রণের একটি নিরাপদ চিকিৎসা। ইনসুলিনের কথা শুনে অনেকে ভয় পেয়ে যান। কেউ কেউ মনে করেন, ইনসুলিন নিলে শিশুর ক্ষতি হতে পারে বা সন্তান জন্মের পর শিশুর ডায়াবেটিস হবে। এসব ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

শর্করা নিয়ন্ত্রণে না থাকলে কী হয় 

মায়ের রক্তে শর্করা বেশি থাকলে শিশুর অতিরিক্ত ওজন বৃদ্ধি, প্রসবকালীন জটিলতা এবং জন্মের পর শিশুর রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। মায়ের উচ্চ রক্তচাপ, প্রি–একলাম্পসিয়া, গর্ভে পানির তারতম্য বা গর্ভস্থ শিশুর আকস্মিক মৃত্যু ঘটতে পারে। 

সন্তান জন্মের পরও সতর্কতা জরুরি

প্রসবের পর অনেক নারীর রক্তের শর্করা স্বাভাবিক হয়ে আসে; কিন্তু এঁদের ভবিষ্যতে টাইপ–২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। সন্তান জন্মের ৪–১২ সপ্তাহের মধ্যে পুনরায় গ্লুকোজ পরীক্ষা করা উচিত।

লেখক: সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

গর্ভকালে ডায়াবেটিস হলে কখন ইনসুলিন নিতে হবে

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।